শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

মৌসুমের শুরুতেই ঘূর্ণিঝড় অর্ণবের কবলে ৭ হাজার শুঁটকি জেলে

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

মৌসুমের শুরুতেই ঘূর্ণিঝড় অর্ণবের কবলে ৭ হাজার শুঁটকি জেলে
মৌসুমের প্রথম দিনেই বঙ্গোপসাগর তীরবর্তী দুবলার চরের জেলেরা ঘূর্ণিঝড় অর্নব সৃষ্ট বিড়ম্বনায় পড়েছেন

ঘূর্নিঝড় অর্ণবের তাণ্ডবের ফলে চরম দুর্ভোগে পড়েছেন দুবলার চরের প্রায় সাত হাজার শুঁটকি জেলে। মৌসুমের শুরুতেই বঙ্গোপসাগর তীরবর্তী দুবলার চরের আলোরকোলে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পৌঁছে জেলেরা এই দুর্যোগের বিড়ম্বনায় পড়েছেন। পরে নৌকা ও ট্রলার নিয়ে তারা সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন।

বনবিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, মৌসুমের প্রথম দিন শুক্রবার সকালে আনুমানিক সাত হাজার শুঁটকি জেলে দুবলার চরে সমবেত হয়। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা প্রথম দিনেই একটি বড় ধরনের ধাক্কা খেয়েছেন। তারা সাগরে মাছ ধরতে যেতে পারেনি।

তিনি আরও জানান, আলোরকোল, মাঝেরকিল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচর নিয়ে দুবলারচর গঠিত। প্রতি বছর পটুয়াখালী, খুলনা, পিরোজপুর সাতক্ষীরা, বরিশাল, বাগেরহাট, কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের দশ সহস্রাধিক জেলে এই চার চরে অবস্থান নিয়ে সাগরে মাছ ধরে শুঁটকি করে থাকেন। পরে জেলে মহাজনরা শুঁটকি মাছ বাজারজাত করার জন্য খুলনা, সৈয়দপুর, রংপুর, ঢাকা, চট্রগাম, কক্সবাজারসহ দেশের নানা প্রান্তে পাঠান।

দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ জানান, এবারের দুবলার চরে শুঁটকি মৌসুমের শুরুতেই জেলেরা দুর্যোগের কবলে পড়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে রওয়ানা করে জেলে বহর শুক্রবার সকালে দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচরে পৌঁছান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চরে নেমে জেলেরা তাদের থাকার অস্থায়ী ঘর ও মাছ রাখার গোলা বানাতে না পেরে নৌকা নিয়ে দ্রুত ছুটেছে সুন্দরবনের ছোট ছোট খালের মধ্যে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য। ঘূর্ণিঝড় অর্ণবের কারণে সাগরে বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো বাতাস ও প্রবল ঢেউ আছড়ে পড়ায় জেলেরা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর