সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

শরণখোলায় লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

শরণখোলায় লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ভোলা নদীর চরে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের সতর্ক করতে এলাকায় মাইকিং শুরু করেছে বন বিভাগ ও ভিলেজ রেসপন্স টাইগার টিম (ভিটিআরটি)। পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আব্দুল লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান।

খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

b9594849-de6e-4b8b-8d06-1895577daffd

ভিটিআরটির টিম লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। বাঘটি ওই এলাকায় বিচরণ করে সুন্দরবনের দিকে চলে গেছে বলে পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্কভাবে চলাচল করতে মাইকিং করা হচ্ছে।

শরণখোলা রেঞ্জের এসিএফ মো. শরীফুল ইসলাম বলেন, ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে বাঘের পায়ের ছাপ দেখে বাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন। তার ধারণা, রাতে ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে এসেছিল এবং পরে সুন্দরবনে ফিরে গেছে।

তিনি আরও বলেন, জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং করার পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর