আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে গত কয়েক দিনে সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। প্রার্থী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার ৫১ বছর পর এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটে ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করবেন ইউনিটের আজীবন সদস্য ভোটাররা। ভোটার সংখ্যা ৯৯৭ জন। ভোটারদের ঠিকানায় রেজিস্ট্রার ডাক যোগে ভোট দানের জন্য চিঠি পাঠানো হয়েছে এবং স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এমনকি জেলাবাসীও অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ভোট দেখতে।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হওয়ায় ভোট গ্রহণ হবে ৬টি পদে। সেক্রেটারি ১ জন এবং সদস্য পদে পাঁচজন। জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকার বলে হবেন চেয়ারম্যান।
নির্বাচনে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও আইনজীবী ফোরামের সাবেক নেতা অ্যাডভোকেট রেজাউল করিম খান।
আর পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী।
তারা হলেন- নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির, সিনিয়র আইনজীবী জাকির হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খান খোরশেদ, এনসিপি নেতা নিরব রায়হান, নাজমুল হক (নির্দলীয়) ও হারুনুর রশীদ খান।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন পরিচালনা, আচরণবিধি ও ভোটগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ঐকমত্য সৃষ্টি হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সংগঠন। তাই নির্বাচনটি স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করা আমাদের সবার দায়িত্ব।’
তিনি বলেন, ‘নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ এবং রেডক্রিসেন্ট এর শতাধিক যুব ভলান্টিয়ার নিয়োজিত থাকবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসক, সিটি করপোরেশন প্রশাসক, পুলিশ সুপার, সাংবাদিক নেতৃবৃন্দ, এনডিএ চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু এবং উৎসব পরিবেশে সম্পন্ন করার জন্য প্রার্থীদের জন্য যে সকল নির্দেশনা প্রদান করা হয়েছে সেগুলো তারা মেনে চলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।’
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের ৫১ বছরের ইতিহাসে এবারই প্রথম ভোটের মাধ্যমে কমিটি হচ্ছে। আমরা ভোটের পক্ষে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচিত করবেন। আমরা একটি ইতিহাসের দ্বারপ্রান্তে আছি। আশাকরি সুষ্ঠু ও সুন্দর ভোট সম্পন্ন করে প্রার্থী ও ভোটাররা আমাদের ইতিহাস রচনার অংশ হবেন।’
নির্বাচনের ৪ কমিশনার হলেন- প্রফেসর বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও অ্যাডভোকেট সামছুন নূর বাধন।
আর কমিশনের সচিবের দায়িত্বে পালন করছেন রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট লিডার মাহমুদা মুন্সি।
প্রতিনিধি/এএম




