মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে। এর পরপরই মাছ শিকারে নেমে পড়বেন উপকূলের জেলেরা। সর্বশেষ প্রস্তুতি নিয়ে রেখেছেন নোয়াখালী হাতিয়ার প্রায় এক লাখ জেলে। অনেকদিন পর মাছ ধরার সুযোগ পেয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জেলে পাড়া ও মাছঘাটে।
গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা জেলেরা মোটমুটিভাবে পালন করলেও সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগ রয়েছে। হাতিয়ার কাজীর বাজার মৎস্যঘাটের জেলে আশরাফ জানান, ২২ দিন মাছধরা বন্ধ থাকায় আমরা বাড়িতে অন্য কাজে ব্যস্ত ছিলাম। আজ সবাই একত্রিত হয়েছি। রাত ১২টার পর সবাই নদীতে নেমে যাব। এজন্য সব প্রস্তুতি প্রায় শেষ, নৌকায় জাল তোলাও হয়েছে। বর্তমানে সবাই ইঞ্জিনের জ্বালানি নেওয়াসহ বিভিন্ন কাজ করছেন।
সূর্যমুখী ঘাটের মাইন উদ্দিন বলেন, ‘নিষেধাজ্ঞার সময় থেকে এতোদিন বেকার ছিলাম। উপার্জন বন্ধ ছিল। সরকারিভাবে ২৫ কেজি চাল পেয়েছি। কিন্তু দৈনন্দিন যে খরচ তা মেটাতে অনেক কষ্ট হয়েছে। ধারদেনা করে চলতে হয়েছে। এখন নদীতে যাওয়ার জন্য ঘাটে এসে অপেক্ষা করছি।’
একই চিত্র হাতিয়ার ২০টি মাছ ধরার ঘাটে। হাজারো জেলে, নৌকার মাঝি-মাল্লারা এখন মৎস্য ঘাটগুলোতে। সবাই নিজ নিজ নৌকা-ট্রলার নিয়ে ব্যস্ত। এতে ঘাটগুলোতে হাঁক-ডাক বেড়ে উঠছে।
শুধু জেলেরা নয়, কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীদের মাঝেও। অনেক দিন বন্ধ থাকা ব্যবসাপ্রতিষ্ঠান খুলে পরিস্কার করতে দেখা গেছে বিভিন্ন ঘাটে। কাজির বাজার ঘাটের ব্যবসায়ী শাহনাজ জানান, মাছের আড়ৎসহ ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে সবাই হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছে। অনেকদিন পর মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সবাই এখন খুশি।
উপজেলা মৎস্য দফতর জানায়, হাতিয়াতে নিবন্ধিত জেলে সংখ্যা প্রায় ২৫ হাজার। এর মধ্যে ১৫ হাজার জেলে পরিবারকে ২২ দিনের নিষেধাজ্ঞায় ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমেও দুস্থ-অসহায়দের মাঝে এ চাল বিতরণ করা হয়। ইতোপূর্বে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
এ ছাড়া নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসন যৌথভাবে কাজ করেছে বলে মৎস্য অফিস জানিয়েছে।
এ বিষয়ে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান জানান, আজ রাত ১২টার পর থেকে নদী-সমুদ্রে মাছধরার বিধিনিষেধ শেষ হবে। এরপরই জেলেরা গিয়ে মাছ শিকারের সুযোগ পাবে।
প্রতিনিধি/এসআই




