নাটোরের গুরুদাসপুরে লাভলী বেগম (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী রবিউল করিমকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার নাজিরপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাভলী বেগমের বাবার বাড়ি সিংড়া উপজেলায়। লাভলী বেগমের প্রথম পক্ষের ছেলে সাব্বির হোসেন উপজেলার মাহমুদপুরের একটি পুকুরে প্রহরীর কাজ করেন। দ্বিতীয় স্বামীকে সঙ্গে নিয়ে ছেলের কাছে বেড়াতে এসেছিলেন তিনি। বুধবার সকাল বাড়ির গরুর জন্য ঘাস কাটতে পুকুরপাড়ে যান সাব্বিরের মা ও সৎ বাবা। সেখানে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে লাভলী বেগমকে হত্যার অভিযোগ ওঠে স্বামী রবিউলের বিরুদ্ধে। পরে পুকুরপাড়ের কাদামাটিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়। এদিকে, ঘটনার পর স্ত্রী হত্যার অভিযোগে স্বামী রবিউল করিমকে আটক করে এসআরবি।
গুরুদাসপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রিয়াজুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনার পর নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি




