নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে হত্যা করার মামলায় গ্রেফতার হওয়ার পর রিমান্ডে রয়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু। এরমধ্যেই নতুন বিতর্কে পড়েছেন এই সংসদ সদস্য। তার কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
যদিও এমপি আব্দুল আজিজের দাবি, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ এআইসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ভিডিওগুলো তৈরি করা হয়েছে। এসব ভিডিওর কোনো ‘সত্যতা নেই’।
বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে এমপি আব্দুল আজিজের তিনটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমপি আব্দুল আজিজ একটি ঘরে খাটের ওপর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছেন। আর একজন নারী কণ্ঠে বিভিন্ন অশ্লীল কথাবার্তায় তাকে সঙ্গ দিচ্ছেন।
এ বিষয়ে নাটোর জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘একজন সংসদ সদস্য দেশের আইন প্রণেতা। তিনি যদি এমন অপকর্ম করেন তাহলে আমাদের সমাজের কী হবে।’
তিনি আরও বলেন, ‘একজন সংসদ সদস্যের এমন নৈতিক স্খলন কোনোভাবে মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী এগুলো যেন টলারেট না করে সেজন্য আমি আহ্বান জানাবো।’
এ প্রসঙ্গে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘কোনো সদস্য বা দলের কারো নৈতিক স্খলন হলে সাংগাঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আহ্বায়ক কমিটির চলতি মাসের সভায় সংসদ সদস্য আব্দুল আজিজের ঘটনা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ দলের ঊর্ধ্বে না। দলীয় শৃঙ্খলা দলের সবার জন্য সমান।’
তবে নিজের ভিডিও ভাইরালের বিষয়ে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, ‘ভিডিওগুলো সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। এখন ইন্টারনেটের যুগ। এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করা যেতে পারে।
তিনি আরও বলেন, ‘আমার রাজনৈতিক একটি প্রতিপক্ষ আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। প্রতিপক্ষ আমার সুনাম ও সুখ্যাতি নষ্ট করা জন্য এগুলো তৈরি করছে।’
প্রতিনিধি/এএম




