গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলের হাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বাবার নাম আব্দুস সামাদ। তিনি ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। ঘাতক ছেলের নাম আনোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাসায় ফিরে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আনোয়ার তার বাবার ওপর চড়াও হন। এক পর্যায়ে তার মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে ঘাতক আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুত করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আরও পড়ুন
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/টিবি




