বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাদক নিয়ে বিরোধ, খুলনায় নারীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

মাদক নিয়ে বিরোধ, খুলনায় নারীকে গুলি করে হত্যা
নিহত খুশি। ছবি: ঢাকা মেইল

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকার বউবাজারের সাত নম্বর গলির মুখে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত খুশি জিন্নাহপাড়া এলাকার সুমন সরদারের স্ত্রী। তার বাবার নাম রাসেল শেখ। হামলায় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে প্রাথমিক তদন্তে মাদকসংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিন্নাহপাড়া এলাকার সড়কে দুর্বৃত্তরা খুশিকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কারণে খুশিকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

এর আগে ভোরে নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেনে মো. তুষার (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

পুলিশের দাবি, নিহত তুষার সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও হত্যা-সংক্রান্ত মামলা রয়েছে।

তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার ৮ নম্বর গলির বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর