বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫

ঝালকাঠির রাজাপুরে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও একটি মোবাইল ফোন ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি-৮ জানায়, গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেনের পথরোধ করেন একদল দুর্বৃত্ত। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের সাত লাখ টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১

এ ঘটনায় ভুক্তভোগী রাজাপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ এর সিপিএসসি, বরিশালের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আফজাল হোসেন (৫০), লিটন হাওলাদার (৩০), আবুল কালাম (৩৮), চান মিয়া (২৯) ও মামুন হাওলাদার (২৪)।

এসআরবি-৮ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর