বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে বৃদ্ধের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে বৃদ্ধের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২
মিরসরাইয়ে বৃদ্ধের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০ বছর বয়সী বৃদ্ধ মো. নুরুজ্জামানের আয়ের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া অটোরিকশাটি ফেনীর ছাগলনাইয়া থেকে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন বৃদ্ধ নুরুজ্জামান। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারইয়ারহাট বাজার থেকে দুই ব্যক্তি যাত্রী সেজে তার অটোরিকশায় ওঠেন। তারা উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া এলাকায় যাওয়ার কথা বলেন। গন্তব্যে পৌঁছানোর পর সিগারেট জ্বালানোর কথা বলে অটোরিকশা থামাতে বলেন ওই দুই যাত্রী। নুরুজ্জামান গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় বৃদ্ধ নুরুজ্জামান বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফেনীর ছাগলনাইয়া থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করে।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ৮০ বছর বয়সী নুরুজ্জামান ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার আয়ের একমাত্র অবলম্বন অটোরিকশাটি গত ২৯ সেপ্টেম্বর যাত্রীবেশে দুই ব্যক্তি নিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে ফেনীর ছাগলনাইয়া থেকে অটোরিকশাটি উদ্ধার করে মঙ্গলবার বিকেলে মালিকের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, অটোরিকশাচালকদের সতর্ক অবস্থানে থেকে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে। বৃদ্ধ নুরুজ্জামানের জীবিকার একমাত্র অবলম্বনটি উদ্ধার করে তার হাতে তুলে দিতে পেরে পুলিশ স্বস্তি ও আত্মতৃপ্তি বোধ করছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর