মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু

রাজবাড়ীতে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী ও শাকিব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত শাকিব বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে রাজবাড়ীর কুটি পাঁচুরিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। তবে তিনি কোন ট্রেনে কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বড়লক্ষীপুর এলাকায় রেললাইনের পাশে শাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জানা গেছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজবাড়ীর পৃথক দুটি স্থান থেকে এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি বরিশাল জেলায়। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

ওসি আরও জানান, উভয় মৃত্যুর ঘটনায় রাজবাড়ী জিআরপি থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর