প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছেন রাজশাহীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন তিনি। সকাল থেকেই মাদরাসা মাঠে নেতাকর্মীরা আসছেন।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে জনসভায় আসেন আসাবুল ইসলাম নামে এক কৃষক। মোটরসাইকেলে ধানের শীষ সাজিয়ে নিয়ে আসেন তিনি। মাদরাসা মাঠের প্রধান ফটকের সামনে তিনি ঢাকা মেইলকে বলেন, আমরা বাপ দাদার আমল থেকে বিএনপির সঙ্গে জড়িত। ৮০ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে ভারত সীমান্ত এলাকা থেকে জনসভায় এসেছি।
আসাবুল বলেন, একনজর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য এসেছি। তার কাছে আবেদন, তিনি যেন আমাদের কৃষকদের বিষয়টি দেখেন। কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ।

এ সময় জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদরাসা মাঠের উদ্দেশ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসতে থাকেন। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে নগরীর মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে।
বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রী বর্তমানে রংপুরে রয়েছেন। সেখান থেকে রাজশাহী আসবেন। এরপর আজই চট্টগ্রাম যাবেন তিনি। তবে রাজশাহীর মাদরাসা মাঠে বিপুল সংখ্যক জনসমাগম হবে বলে তাদের ধারণা।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ঢাকা মেইলকে বলেন, কানায় কানায় পূর্ণ হয়ে আশেপাশের এলাকাও লোকে লোকারণ্য হবে।
প্রতিনিধি/টিবি




