নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনে এবং সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার প্রেসক্লাব মোড় এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
নেত্রকোনা শহরের কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর কিবরিয়া চৌধুরী।
এই আয়োজনে বক্তব্য দেন খবরের কাগজের প্রতিনিধি সঞ্জয় সরকার, ভোরের কাগজের প্রতিনিধি শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সমন্বয়ক প্রীতম সোহাগ, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মির্জা হৃদয় সাগর, স্টার নিউজের প্রতিনিধি আজাদ ইমরান শরিফ, জি টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল, সাংবাদিক আবুল কালাম, সোহেল খান প্রমুখ।

দুর্গাপুরের কর্মসূচিতে সভাপতিত্ব করেন দুর্গাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক মো. মোহন মিয়া। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ।
বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও নির্মলেন্দু সরকার, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল, ডিবিসির প্রতিনিধি রাকিবুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈকত সরকার, ৭১ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি রাজেশ গৌড় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। হত্যার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
বক্তারা আরও বলেন, আলিফের দুটি ছোট সন্তান রয়েছে। তার স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এ অবস্থায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের ভরণপোষণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাই।
দুর্গাপুরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা। এতে কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ। এ ঘটনায় শুক্রবার রাতে তার স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এফএ




