শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাংবাদিক আলিফের ময়নাতদন্ত: শরীরে ৬ গুলির ক্ষত, পিঠে মিলল ১ গুলি

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

সাংবাদিক আলিফের ময়নাতদন্ত: শরীরে ৬ গুলির ক্ষত, পিঠে মিলল ১ গুলি
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ ও তার শরীর থেকে বের করা বুলেট।

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এর মধ্যে পাঁচটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেলেও একটি পিঠের ভেতরে আটকে ছিল, যা ময়নাতদন্তের সময় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ময়নাতদন্ত শেষে এসব তথ্য জানান নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ।

শরীরে পাওয়া আঘাতের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, সাংবাদিক আলিফের বুকের অংশে তিনটি গুলি লাগে। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং একটি পিঠের দিকে শরীরের ভেতরে আটকে থাকে।

অপর তিনটি গুলির একটি গুলি কপালের ডান পাশ দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। এ ছাড়া আরেকটি মাথার ওপরের অংশের চামড়া এবং অন্য একটি গুলি ডান কাঁধের পাশের চামড়া ভেদ করে চলে যায়।

সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের ময়নাতদন্তের সময় তার শরীর থেকে বের করা বুলেট।
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের ময়নাতদন্তের সময় তার শরীর থেকে বের করা বুলেট।

ক্ষতের ধরন বিশ্লেষণ করে শ্রদ্ধ্যানন্দ নাথ বলেন, ‘শরীরে গুলির প্রবেশ ও বেরিয়ে যাওয়ার চিহ্ন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলিফকে সামনের দিক থেকে পিস্তল থেকে গুলি করা হয়েছে।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলায় একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ।

তিনি বেসরকারি আইপি টিভি রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর