নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে উপজেলার উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। তার মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
নিহত আলিফ ফকির বেসরকারি আইপিটিভি রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন তিনি। দুই সন্তানের জনক আলিফের গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তিনি ময়মনসিংহে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি দুর্গাপুর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে দুর্গাপুরে আসেন আলিফ। বাড়িতে যাওয়ার আগে উতরাইল বাজারের একটি দোকানে পরিচিত ব্যক্তিদের সঙ্গে বসে গল্প করছিলেন তিনি। রাত সোয়া আটটার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়েন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আলিফকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এর আগে, গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন আলিফ। ওই সময় তাকে কুপিয়ে জখম করা হয়। হামলায় বাধা দিতে গেলে তার সঙ্গে থাকা এক সহকর্মীকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করেন হামলাকারীরা।
চ্যানেল ওয়ানের নেত্রকোনা প্রতিনিধি রানা আকন্দ বলেন, প্রথম সারির গণমাধ্যমে কাজ না করলেও আলিফ ফকির তার ফেসবুক পেজে সীমান্তের চোরাচালান ও অপরাধ নিয়ে লিখতেন। সাহসের সঙ্গে বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরতেন তিনি। সীমান্ত এলাকার অপরাধীদের বিরুদ্ধে লেখালেখির কারণে তিনি পরিচিত ছিলেন।
রানা আকন্দ বলেন, আলিফকে হত্যার মাধ্যমে একটি সাহসী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ রাত ১২টার দিকে বলেন, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ সুপার ও এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আরও বলেন, হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




