দু-একটা পক্ষ অনবরত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নিচে নামাতে চায় বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য মাধবী মার্মা। তিনি বলেন, আমরা সেই চেষ্টাকে সফল হতে দেব না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিক এক মতিবিনিময় সভায় এ মন্তব্য করেন মাধবী মার্মা।
তিনি আরও বলেন, ওরা আমাদেরকে উত্তেজিত করার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। আমরা যাতে প্রতিহিংসা পরায়ন হই, কিন্তু তাদের সেই উদ্দেশ্যপূর্ণ প্রতিহিংসার ফাঁদে পা দেবনা।
মাধবী মার্মা বলেন, বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতি করে না। সরকার পরিচালনায় আমরা কতটুকু বুদ্ধিমত্তা দেখাতে পারি, কীভাবে প্রতিহিংসা থেকে বাঁচিয়ে নিজেদেরকে একটা প্রতিশ্রুত জায়গায় নিয়ে যেতে পারি; সে লক্ষ্যে দলের প্রত্যেককে সচেতন থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক যে অভিঙ্গতা আছে, আমাদের যে পরিপক্ষতা আছে; সেটিকে ব্যবহার করে এগিয়ে যেতে হবে। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের যে রাজনৈতিক আদর্শ, জীবনাচার ও পথনির্দেশনা সকলের অনুসরণ করা উচিত। যা আমরা অর্জন করতে পারি নাই।
হাতিয়ার উন্নয়ন অবকাঠামোর বিষয়কে সামনে এনে সংসদ সদস্য বলেন, আমি হাতিয়া এসে বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি। এখানে মানুষের অনেক কষ্ট আছে। নদী-ভাঙন এখানে প্রধান সমস্যা। বিষয়টি নিয়ে আমি পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলব। হাতিয়াার নদী ভাঙনরোধে যেহেতু প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে, আমি তা পুনরায় প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেব।
হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে ও আশিক ইকবাল সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, বিএনপি নেতা সাব্বির উদ্দিন মাসুম, উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্যসচিব ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহবায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্যসচিব কাওসার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিমসহ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিনিধি/এসআই




