মাদারীপুরের কালকিনিতে সৌদি আরবফেরত ৭০ বছর বয়সী এক কৃষকের বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম জাকির সরদার (৬০)।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার সাহেবরাপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবব্রত চিন্তাপাত্র। এ সময় পুলিশের একটি দল তাঁর সঙ্গে ছিল। জাকির সরদার কালকিনি উপজেলার চর সাহেবরামপুর গ্রামের মৃত এমদাদুল সরদারের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙনের শিকার কৃষক হাবিবুর রহমান হাবলু শিকদার সৌদি আরব থেকে ফিরে ১০ বছর আগে জমি কিনে কালকিনির চর সাহেবরামপুর গ্রামে একটি দোতলা টিনের ঘর নির্মাণ করেন। নিজের কেনা জমি নিয়ে প্রতিবেশী কামাল মালের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। পরে ২০২২ সালে এ বিরোধের জেরে আদালতের দ্বারস্থ হন হাবলু। এতে ক্ষুব্ধ হন প্রতিপক্ষের লোকজন।
পরে কামাল মালের প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে দিয়ে হাবলুর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়। গত ৫ অক্টোবর বিকেলে এ বিষয়ে আপস-মীমাংসার দিন ধার্য করা হয়। সেখানে হাবলু উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে তাঁর বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে কামাল ও জাকির শিকদারসহ তাঁদের লোকজন ওই বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কৃষকের বসতঘর পুড়ে যায়।
এ ঘটনায় গত ৬ অক্টোবর ভুক্তভোগী কৃষকের স্ত্রী দেলোয়ারা বেগম ১৬ জনকে আসামি করে কালকিনি থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকির সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, কৃষকের বসতঘরে লুটপাট ও আগুন দেওয়ার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। তদন্ত শেষ হলে দ্রুত আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
প্রতিনিধি/এআর




