নরসিংদীর রায়পুরায় বাবার বিরুদ্ধে মাদকাসক্ত ছেলেকে খুন করার অভিযোগ উঠেছে।
নিহতের নাম তারেক রহমান (২৮)। সে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে অলিউর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে তারেককে গোয়ালঘরে ছেলেকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।
রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়. তারেক মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। মাদকসেবনের কারণে তাকে সেখান থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফেরার পর আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করত।
স্থানীয়দের ভাষ্য, বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করে তারেক। এক পর্যায়ে তার বাবা অলিউর রহমান হাত-পা বেঁধে তাকে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান।
সেখানে মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তারেকের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নেশার জন্য এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
‘নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।’
প্রতিনিধি/এএম




