সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঢাকা মেইলে সংবাদ প্রকাশের পর হাতহীন শিক্ষক আলতাফের স্কুলে ডিসি

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

ঢাকা মেইলে সংবাদ প্রকাশের পর হাতহীন শিক্ষক আলতাফের স্কুলে ডিসি
আলতাফ হোসেন ওরফে দুঃখু মিয়ার প্রতিষ্ঠিত স্কুলে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। ছবি: ঢাকা মেইল

জন্ম থেকেই দুই হাত না থাকা আলতাফ হোসেন ওরফে দুঃখু মিয়ার প্রতিষ্ঠিত স্কুল নিয়ে ঢাকা মেইলে সংবাদ প্রকাশের পর বিদ্যালয়টি পরিদর্শন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

সোমবার (১২ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় দুঃখু মিয়ার প্রতিষ্ঠিত প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন পরিদর্শন করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগের পাশে থাকার কথা জানান। জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও দুঃখু মিয়ার জীবনসংগ্রাম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বিদ্যালয়টিকে উচ্চবিদ্যালয়ে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিদ্যালয় পরিদর্শনের সময় নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সচিব লোকমান হোসেনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, আলতাফ হোসেন দুঃখু মিয়া শুধু নরসিংদীর গর্ব নন, তিনি সারা দেশের গর্ব। নিজের আত্মবিশ্বাস, কর্মস্পৃহা ও অদম্য মনোবল নিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন। তার সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করতে সরকারি সহায়তা প্রয়োজন। জেলা প্রশাসন ও সরকার তার পাশে থাকবে।

জেলা প্রশাসক আরও বলেন, এত সুন্দর একটি চিন্তা নিয়ে তিনি এখানে এসেছেন। তিনি থেমে যাননি, হেরে যাননি। নিজেই এগিয়ে এসেছেন। অন্যদের জন্য এটি অনেক বড় অনুপ্রেরণা। শুধু নরসিংদী নয়, সারা দেশের জন্য এটি গর্বের বিষয়। সবাই নিজ নিজ জায়গা থেকে এভাবে এগিয়ে এলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

জানা যায়, আলতাফ হোসেন নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে। ১৯৬২ সালে দুই হাত ছাড়াই তার জন্ম। জন্মের পর থেকে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি লেখাপড়া চালিয়ে যান। পা দিয়ে লিখে নরসিংদী সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করেন। পরে বিভিন্ন স্থানে চাকরির পরীক্ষা দিয়েও চাকরি না পাওয়ায় বাবার জমি বিক্রি করে গড়ে তোলেন স্কুলটি। বর্তমানে বিদ্যালয়টিতে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসকের উদ্যোগে আলতাফ হোসেনকে অনুদান দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ ও স্কুলব্যাগ বিতরণ করা হয়।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর