বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি, বান্দরবান 
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু
৬ দিন পর চালু হচ্ছে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল

টানা ৬ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বান্দরবান-থানচি পর্যটন নির্ভর সড়কের যাত্রীবাহী বাস চলাচল।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পর বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে এ সড়কে নিয়মিত যাত্রীসেবা শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতি এবং পরিবহন কর্মচারীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তা বিধানের স্পষ্ট আশ্বাস পাওয়ার পর পরিবহন শ্রমিকরা সড়কে বাস চালাতে সম্মত হন।

​বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, একটি সন্ত্রাসী দল বিপুল অংকের চাঁদা দাবি করে বাস না চালানোর নির্দেশ দিয়েছিল। তাদের অব্যাহত হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন পরিবহন শ্রমিকরা। এতে গত ৬ দিন ধরে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

​পরিস্থিতি নিরসনে মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে শ্রমিকরা আবার বাস চালানোর সিদ্ধান্ত নেন।

​এদিকে, সিদ্ধান্ত স্বস্তির হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি বলে জানান বাসচালক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমরা একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই বাস সড়কে নামানোর সিদ্ধান্ত নিয়েছি। সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই ঝুঁকি এখন আরও বহুগুণ বেড়ে গেছে।

বান্দরবান থানচি বাসস্টেশনের লাইন ম্যান নন্দন বড়ুয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বান্দরবান স্টেশন থেকে থানচির উদ্দেশ্য ইতোমধ্যে দুটি বাস ছেড়ে গেছে।

 

বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আশ্বাস এবং বেড়াতে আসা পর্যটকদের সুবিধার্থে কিছুটা ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা থানচি সড়কে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। বুধবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

​তিনি আরও জানান, সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ‘এস্কর্ট’ (বিশেষ নিরাপত্তাবেষ্টনী) ব্যবস্থা প্রদান করা হবে।

​পরিবহন ব্যবস্থা পুনর্নির্ধারণের বিষয়ে তিনি বলেন, আগে বান্দরবান প্রান্ত থেকে ৩টি এবং থানচি প্রান্ত থেকে ৩টি বাস চলাচল করত। উভয় প্রান্ত থেকে ৩টি করে প্রতিদিন মোট ৬টি বাস চলাচল করবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর