নেত্রকোনার মদনে গাঁজা সেবনের সময় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া অন্য তিনজন হলেন— মদন দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের তারেক মিয়া (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গত রাতে ফচিকা টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনকালে চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে চারজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আব্দুল বারী আকন্দ হীরার দলীয় পদের বিষয়টি নিশ্চিত করে মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বলেন, বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি




