নড়াইল সদর পৌরসভায় এস্কাফ, ইয়াবা ও গাঁজাসহ সাকিব আল সালমান (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার আলাদাতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সাকিব আল সালমান পৌরসভার আলদাতপুত গ্রামের মুন্সি আলমগীরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেলে নড়াইল সদর পৌরসভার আলাদাতপুর গ্রামে অভিযান চালায় ডিএনসির একটি অভিযানিক দল। এসময় আলাদাতপুর গ্রামের সাবেক বিজিবি সদস্য মুন্সি আলমগীরের দুইতলা বাড়ির নিচতলায় তল্লাশি চালিয়ে সাকিব আল সালমান নামে এক যুবককে হেফাজতে নেয় ডিএনসি। এরপর বসতঘরের বক্স খাটের ড্রয়ার থেকে ১৯০ পিস ইয়াবা, আসামির প্যান্টের পকেট থেকে ১ বোতল এস্কার্ফ সিরাপ, ১০ গ্রাম গাঁজা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটক যুবককে প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়- তিনি বিগত ১ বছর ধরে যশোর জেলা থেকে বিভিন্ন মাদকদ্রব্য এনে নড়াইলে অবৈধ মাদক ব্যবসা করছে। তবে তার নামে থানায় পূর্বের কোন মামলা নেই। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এজে




