মেহেরপুরের গাংনীতে ক্রাউন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে গাংনী থানাধীন মঠমুড়া ইউনিয়নের ছাতিয়ান ব্রিকফিল্ডের সামনে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
আব্দুস শুকুর উপজেলার বামন্দি ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের মৃত মনির উদ্দিন মালিথার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আব্দুস শুকুর ভ্যান গাড়ি নিয়ে ছাতিয়ান ব্রিকফিল্ডের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী ‘ক্রাউন পরিবহন’ নামে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় তিনি পাকা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দির একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি




