চট্টগ্রামের মিরসরাইয়ে হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে এসে সম্প্রতি জামায়াতের যুব বিভাগ থেকে বহিষ্কৃত সাইদুল ইসলামকে (৩৮) কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহতাসিন বিল্লাহ জামিনের আবেদন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় ছাবিদ আলী মিস্ত্রি বাড়ির সুফিয়া খাতুন নিজ বসতঘরে ক্যামেরা লাগানোর সময় বাধা দেন সাইদুল। পরে অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে সে হামলা ও শ্লীলতাহানি করে। এ ঘটনায় সাইদুলসহ অজ্ঞাত আটজনকে আসামি করে মিরসরাই থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সুফিয়া খাতুন।
ঘটনার দিন স্থানীয় গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গেলে তাদেরকেও ভয়ভীতি প্রদর্শন করেন সাইদুলসহ বেশ কয়েকজন।
মিরসরাই থানার (উপপরিদর্শক) মামলার তদন্ত কর্মকর্তা আজিজুল হক লিটন বলেন, হত্যাচেষ্টা মামলায় সাঈদুলসহ আরও কয়েকজন জড়িত রয়েছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সায়েম হোসেন বলেন, হত্যাচেষ্টা মামলায় এজাহারনামীয় ৪ আসামি আদালতে জামিন চাইলে বিচারক তিনজনকে জামিন দিলেও ১ নম্বর আসামি সাইদুলের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
প্রতিনিধি/এফএ




