চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) সাথে চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এতে একাত্মতা জানিয়ে অনশনে অংশ নিয়েছেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরাও।
সোমবার (১২ অক্টোবর) বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে বেলা সাড়ে ১১টা থেকে শান্তিপূর্ণ গণঅনশন শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত অনশন চলার কথা রয়েছে।
আন্দোলন চলাকালে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার বন্দর আমার মা, বিদেশিদের দেব না', 'গো ব্যাক গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ড ' ইত্যাদি স্লোগান দেন নেতা কর্মীরা।
একাধিকবার আন্দোলনের পরও সরকার বিদেশি কোম্পানির সাথে চুক্তি করায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর বলেন, আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছি, আমরা সরকারের সাথে একটি আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের চেষ্টা করতে চেয়েছি। তবে সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা পূর্বঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ গণঅনশন করছি।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে। এ বিষয়ে একটি চুক্তিও সই হয় দুই পক্ষের মধ্যে।
প্রতিনিধি/এলএ




