ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে আচার ও চিপস উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং মেঝেতে খাদ্য উপাদান সংরক্ষণ ও পণ্য মোড়কজাতের অভিযোগে রিহান ফুডস নামের একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ফেনী জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার ও চিপস উৎপাদনের চিত্র পাওয়া যায়। উৎপাদনে পোড়া তেল ব্যবহার, মেঝেতে খাদ্য তৈরির উপাদান সংরক্ষণ এবং মেঝেতে খাদ্যপণ্য মোড়কজাত করার মতো অনিয়মও ধরা পড়ে।
এ ছাড়া কারখানার কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং স্বাস্থ্যবিধি পালনে অসচেতনতার বিষয়টি অভিযানে উঠে আসে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন ফেনীর নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মচারীরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিল ফেনী জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




