নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় পলাতক আরেক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেফতার আসামির নাম মাসুদ (১৮)। তিনি উপজেলার কান্দুলিয়া এলাকার বাসিন্দা।
সোমবার (১২ অক্টোবর) ভোরে কান্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার প্রধান আসামি আনারুল ইসলামকে (২২) গত ৪ অক্টোবর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেঁচুয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে এসআরবি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
এসআরবির বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে আনারুলের প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বিয়ে করেন। সম্পর্কের অবনতি হলে আনারুল ওই নারীকে তালাক দেন। এরপর দেখা করার কথা বলে গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন তিনি।
অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে ওই নারীকে জোর করে একটি জনশূন্য এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আনারুল, মাসুদসহ অন্য আসামিরা তাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলায় মোট তিনজন আসামি রয়েছেন। তাদের একজনকে পুলিশ এবং মাসুদসহ দুজনকে এসআরবি গ্রেফতার করেছে। গ্রেফতার দুজন কারাগারে রয়েছেন।
প্রতিনিধি/এসএস




