সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন।

ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করেছে দলটি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

রোববার (১১ অক্টোবর) ভোলা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আব্বাস উদ্দিনকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।

চরফ্যাশন এলাকায় একটি কওমি মহিলা মাদরাসা পরিচালনার সঙ্গে আব্বাস উদ্দিন যুক্ত থাকায় প্রতিষ্ঠানটির পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়দের কেউ কেউ। তবে এ বিষয়ে কোনো অনিয়ম বা শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় অনুশোচনা প্রকাশ করে আব্বাস উদ্দিন দাবি করেছেন, ভিডিওটি কয়েক মাস আগের এবং ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী। তার ভাষ্য, ভিডিওটি নিজের মুঠোফোনে সংরক্ষিত ছিল। সম্প্রতি ফোনটি হারিয়ে যাওয়ার পর একটি চক্র তাকে রাজনৈতিকভাবে হেয় করতে ভিডিওটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

de075596-b68a-4395-9b55-70d318ec1ac4

মুঠোফোনে এ ধরনের সংবেদনশীল ভিডিও সংরক্ষণে নিজের অসতর্কতা ছিল বলেও স্বীকার করেছেন তিনি। তবে ফোন হারানো, ভিডিও ছড়িয়ে দেওয়ার পেছনে কোনো চক্রের সম্পৃক্ততা এবং ভিডিওতে থাকা নারীর পরিচয় সম্পর্কে তার বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম জানান, দলীয় শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে সংগঠন কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আব্বাস উদ্দিনের বিষয়ে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আব্বাস উদ্দিনের সব সাংগঠনিক পদ স্থগিত থাকবে। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর