মাত্র ১ হাজার ২৬৩ টাকা পাওনা চাওয়ায় মৌলভীবাজারে দুরুদ মিয়া নামে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যার দায়ে প্রধান আসামি ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শামসাদ বেগম এই রায় প্রদান করেন।
অন্যদিকে, অপরাধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়াকে খালাস দেওয়া হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা এলাকার চা দোকানি দুরুদ মিয়া তার পাওনা ১ হাজার ২৬৩ টাকা ছাদিক মিয়ার কাছে চান। এতে ছাদিক মিয়া ক্ষিপ্ত হয়ে চলে যান এবং কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে দুরুদ মিয়াকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওইদিন রাত সাড়ে ১১টায় নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নিয়ামুল হক জানান, রায়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। দ্রুত সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে আদালতে মামলাজট উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হচ্ছে। দ্রুত ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় সাধারণ বিচারপ্রার্থীরা সরাসরি উপকৃত হচ্ছেন। ভবিষ্যতেও বিচার বিভাগের এ গতিশীলতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, এই দণ্ডের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো এবং আইনের প্রতি মানুষের আস্থা বাড়ল।
প্রতিনিধি/এসএস




