রাজশাহী পবায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারিতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার খড়খড়ি সংলগ্ন কমলাপুর এলাকায় মারামারির ঘটনাটি ঘটে। রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) মো. আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মো. জিয়ারুল (৩৫)। ওই এলাকায় তার বাসা। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। খড়খড়ি বাজারে তার বাঁশের তৈরি ডালি, ঢাকি, নেট, বাতার তৈরি বেড়া, কুদাইল ইত্যাদির একটি দোকান ছিল।
স্থানীয়রা জানান, জমি নিয়ে অনেক বছর থেকেই চাচাতো ভাইদের সঙ্গে জিয়ারুলের বিরোধ ছিল। পরে মামলাও হয়। জমিটি বিক্রির জন্য মামলার বাদীকে হুমকি ধামকি দেওয়া হয়। মামলা তুলে নিতে চাপ দেয় প্রতিপক্ষের লোকজন। রোববার এসব বিষয়ে উভয়পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন বলে জিয়ারুলের পরিবার দাবি করেছেন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মিনারুল নামে আরেকজন গুরুতর আহত হন। নিহত জিয়ারুল ও আহত মিনারুল সম্পর্কে আপন চাচাতো ভাই। জমিজমা নিয়ে বিরোধের একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এ সময় জিয়ারুল স্ট্রোক করেন। পরে জিয়ারুলের অন্য ভাইয়েরা একসঙ্গে জড়ো হয়ে মিনারুলকে মারধর করেন। এতে মিনারুল গুরুতর আহত হন। পরে আহত মিনারুলকেও রামেক হাসপাতালে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান বলেন, মরদেহ পরিবারের কাছে দেওয়া হবে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ওদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/টিবি




