সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ এএম

শেয়ার করুন:

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার
শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

শেরপুরে নিখোঁজ হওয়ার একদিন পর মহিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি মেস থেকে তাকে উদ্ধার করা হয়।

ওই দিন বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

উদ্ধার হওয়া মহিবুল ইসলাম জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ঘটনার দিন স্কুলে না গিয়ে বাড়িতেই ছিল মহিবুল। বিকেল ৪টার দিকে ছেলেকে বাসায় রেখে বাইরে যান তার মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। অনেক রাত পর্যন্ত মহিবুলের সন্ধান না মেলায় পুলিশকে বিষয়টি অবহিত করে পরিবার। পাশাপাশি নিখোঁজ শিক্ষার্থীর ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করেন স্বজনরা।

এদিকে, মহিবুলকে অপহরণের দাবি করে পরিবারের কাছে ফোন দেয় একটি চক্র। এ সময় তার মুক্তির বিনিময়ে টাকা দাবি করা হয়। ছেলের নিরাপত্তার কথা ভেবে প্রথম পর্যায়ে চক্রটির দেওয়া নম্বরে ২৪ হাজার টাকা পাঠান মহিবুলের বাবা কলেজশিক্ষক শাহীনুর ইসলাম। তবে টাকা দাবির ঘটনায় পরিবারের সদস্যদের সন্দেহ বাড়তে থাকে। পরে বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানান তারা। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শেরপুর সদর থানা পুলিশ। একপর্যায়ে রোববার দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি ছাত্রাবাসের মেস থেকে মহিবুলকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, সম্প্রতি নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নিয়েছিল মহিবুল। পরীক্ষার ফল প্রকাশের আগে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা থেকে ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল।

তিনি আরও জানান, টাকা দাবি করা চক্রটির বিরুদ্ধে মহিবুলের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর