শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্টু লোক অপতৎপরতা চালাচ্ছে: শরীফুল আলম

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্টু লোক অপতৎপরতা চালাচ্ছে: শরীফুল আলম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পূজার কার্যক্রম শুরু হয়েছে। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক প্রস্তুত ও অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এ বছর আমরা আরও ভালোভাবে পূজা উদযাপন করতে পারব।

তিনি আরও বলেন, কিছু দুষ্ট লোক আছে, যারা বিভিন্নভাবে এই সরকারকে বিব্রত করার জন্য নানা প্রকার অপকৌশল ও অপতৎপরতা চালানোর প্রক্রিয়া নিয়েছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।

তিনি বলেন, আমরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নিরবচ্ছিন্নভাবে যেন পূজা উদযাপন হয়, সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। মাদক একটি জাতীয় সমস্যা। শুধু টাঙ্গাইল নয়, সারা বাংলাদেশেই। আমরা এটিকে ‘জিরো টলারেন্স’ হিসেবে নিয়েছি। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সকলেই সচেতন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই মাদকের ব্যাপারে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার, যাতে করে এটা নিয়ন্ত্রণে আনা যায়। মাদক নিয়ে যে পরিমাণ মামলা হয়েছে শুধু টাঙ্গাইলে, আর কোনো জেলায় এত মামলা হয়নি।

টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সামছুল আলম সরকার প্রমুখ।
প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর