শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মৃত্যু
জিন্নাত আলীর মরদেহ। ছবি: ঢাকা মেইল

মেহেরপুরের গাংনীতে নিজ বাগানের গাছ কাটার সময় মাথার ওপর ডাল পড়ে জিন্নাত আলী (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

 শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার হাঁড়াভাঙ্গা পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জিন্নাত আলী ওই এলাকার মৃত নুর বক্সের (ওরফে মতিরাম) ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে জিন্নাত আলী নিজ জমিতে একটি শিশুগাছ কাটছিলেন। গাছটি কাটার একপর্যায়ে একটি বড় ডাল পাশের আরেকটি গাছের সাথে আটকে যায়। আটকে থাকা ডালটি নিচে নামানোর জন্য তিনি রশি বেঁধে টান দেন। এ সময় হঠাৎ ডালটি ছিটকে সরাসরি তার মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বামন্দির 'মা ও শিশু জেনারেল হাসপাতালে' নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, নিজ বাগানের গাছ কাটার সময় অসাবধানতাবশত মাথার ওপর ভারী ডাল পড়লে আঘাত পেয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর