নড়াইলের লোহাগড়া উপজেলায় মইনুল ইসলাম আলিফ (১৪) নামে এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) নিখোঁজ মইনুল ইসলাম আলিফের বাবা ছেলের সন্ধান চেয়ে লোহাগড়া থানায় জিডি করেন।
নিখোঁজ মইনুল ইসলাম আলিফ লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামের মো. শওকত হোসেনের ছেলে এবং স্থানীয় পাঁচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সাধারণ ডায়রি ও নিখোঁজের স্বজনরা জানায়, গত সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামের নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে স্কুলব্যাগ নিয়ে বের হয় আলিফ। এরপর বিদ্যালয় থেকে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে তার বিদ্যালয়সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজের বাবা আলিফের সন্ধান চেয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার সকাল) নিখোঁজ আলিফের কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, স্কুলছাত্র নিখোঁজের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তাকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/টিবি




