বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি চাঁন মিয়া গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি চাঁন মিয়া গ্রেফতার
গ্রেফতার চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫)।

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধর, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে শহরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চাঁন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধর, মাদক ও মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মারামারির মামলা তদন্তাধীন এবং তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

আরও পড়ুন

গাইবান্ধায় ছিনতাইয়ের ঘটনায় মামলা করে নিরাপত্তাহীনতায় দম্পতি

পুলিশ আরও জানায়, চাঁন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তার কর্মকাণ্ডে আনন্দবাজারের ব্যবসায়ী ও কান্দিপাড়া এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিলেন। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, “চাঁন মিয়ার বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর