পাবনা শহরে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লাল মোহাম্মদ লালু (৩৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত লাল মোহাম্মদ লালু রাজশাহীর বাঘা থানার হরিরামপুর এলাকার মৃত মুনসাদ আলীর ছেলে। জামিনে থাকা লালু রায় ঘোষণার দিন আদালতে হাজির হননি। এ কারণে আদালত তাকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ জুলাই রাতে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর অনন্ত বাজার এলাকা থেকে মাদক বিক্রির সময় লাল মোহাম্মদ লালুকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা করা হয়।
দীর্ঘ শুনানি শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাপস কুমার সরকার। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।
এর আগে, গত ৫ অক্টোবর একই আদালত পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
প্রতিনিধি/এসএস




