ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক নারী শ্রমিককে (২৩) জোর করে তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেন।
গ্রেফতার আল আমিন ও হুসেন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার বাসিন্দা। একই এলাকার অপর আসামি ইকবাল হোসেনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল আলম।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী উপজেলার কাঠালী এলাকার স্কয়ার টেক্সকম ফ্যাক্টরিতে চাকরি করেন। গত ৪ অক্টোবর রাতে কারখানার ছুটি হওয়ার পর রাত আনুমানিক ১০টার দিকে মল্লিকবাড়ী মোড় থেকে অটোরিকশায় নয়নপুর এলাকায় এক বান্ধবীর বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
নয়নপুরের ৯ নম্বর এলাকায় পৌঁছে পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় আসামিরা তাকে জোর করে তুলে নিয়ে আল আমিনের বসতঘরে নিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। সেখানে মুখ কাপড় দিয়ে বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে রাত ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে ওই নারী ভালুকা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে আল আমিন ও হুসেনকে গ্রেফতার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি পলাতক রয়েছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস




