বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক ওএসডি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক ওএসডি
ডা. মো. আনোয়ার হোসেন

আউটসোর্সিং কর্মী নিয়োগসহ বিভিন্ন খাতে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, হাসপাতালের এমএসআর কেনাকাটায় প্রভাব বিস্তার ও কমিশন বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক (এডি) ডা. মো. আনোয়ার হোসেনকে মহাখালী স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. আনোয়ার হোসেনকে মহাখালী স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করা হয়েছে। নির্ধারিত সময়ে যোগ না দিলে ৫ অক্টোবর থেকে তাকে স্ট্যান্ড রিলিজ করার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদিরকে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে।

ওএসডি হওয়া ডা. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। যা অতীতে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এরমধ্যে রোগীদের খাবার ও পথ্য সরবরাহ, মেডিক্যাল সার্জিক্যাল রিকুইজিশন (এমএসআর) কেনাকাটা থেকে শুরু করে আউটসোর্সিং কর্মী নিয়োগসহ বিভিন্ন খাতে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের বিষয়গুলো রয়েছে। এ ছাড়া ডা. আনোয়ার দায়িত্বে থাকাকালে হাসপাতালের এমএসআর কেনাকাটায় পছন্দের ঠিকাদারদের নিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় ছিল। এসব কেনাকাটায় প্রভাব বিস্তার ও কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডা. কৃষ্ণকুমার পালের সঙ্গে ডা. আনোয়ার হোসেনের ঘনিষ্ঠতা ছিল। সংশ্লিষ্টদের দাবি, হাসপাতালের প্রায় ২৫০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম এবং এমআরআই মেশিন কেনার ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগাম ১৬ কোটি টাকা পরিশোধের অভিযোগে কৃষ্ণকুমারের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতর তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল। এসব অভিযোগের সঙ্গে ডা. আনোয়ারের সংশ্লিষ্টতার বিষয়টি পৃথকভাবে যাচাই করা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর বিষয়ে হাসপাতালের ক্রয় সংক্রান্ত নথি, সরবরাহ বিল, এমএসআর, কেনাকাটা ও আউটসোর্সিং নিয়োগের তথ্য যাচাই করলেই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

এ বিষয়ে জানতে ডা. আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও সাড়া দেননি তিনি।

সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বর্তমান পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও সাড়া দেননি।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর