বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
ছিনতাইকারীদের মারধরে আহত এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তা

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।

আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, অন্যান্য দিনের মতো আজও দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন তারা। এর সঙ্গে নিজের আরও ৪ লাখ টাকা যুক্ত করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে দুই কর্মকর্তা মোটরসাইকেলে করে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরে ফিরছিলেন। দুপুর নাগাদ আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা লোহার রড দিয়ে ব্যাংক কর্মকর্তাদের এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর