নওগাঁর ধামইরহাট উপজেলায় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাশেম (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের চার সদস্য গুরুতর আহত হন। তারা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদ মণ্ডলের ছেলে।
আহতরা হলেন— নিহতের বড় ভাই মুক্তার আলী, ভাইয়ের স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একই গ্রামের মো. রনির জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে কৃষক আবুল কাশেমের পরিবারের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। মারামারির সময় অভিযুক্ত রনি চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসীরা জানায়, উভয়ের মধ্যে আগে থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




