চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু নামের এক ব্যবসায়ী মারা গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিস্ত্রিপাড়া এলাকার আনোয়ারুল আজিমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর রিংকু প্রথমে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
রিংকুর পারিবারিক বন্ধু মতিউল ইসলাম শিপন ও কামরুল হাসান জুয়েল জানান, কেবল রিংকু একা নন, তার স্ত্রী ও সন্তানও একযোগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৪ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন রোগী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন এ.কে এম শাহাব উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানি ও এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়ায় ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়ানো জরুরি।
প্রতিনিধি/টিবি




