কুমিল্লার দেবীদ্বারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসেদ মামুন (৩৯) নামে এক ব্যবসায়ি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মারা যান।
বাসেদ মামুন (৩৯) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের সফিক হুজুরের বাড়ির মৃত. সুবেদার হাজী আব্দুল বারেক-এর ছেলে। তিনি ফেনী জেলা সদরের রেডিমেড কাপড় ব্যবসায়ী ছিলেন।
নিহত বাসেদ মামুনের ছোট ভাই শরীফুল ইসলাম জানান, গত কিছুদিন ধরে তার ভাই ডেঙ্গু জ্বরে অসুস্থ ছিলেন। গত ৪ দিন আগে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসেদ মামুন নামে একজন মারা গেছেন বলে জেনেছি। জানুয়ারি থেকে আজকে পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০০ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তি রোগী আছে।
প্রতিনিধি/টিবি




