মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

গভীর রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ২ দুর্ঘটনা, মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

গভীর রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ২ দুর্ঘটনা, মোটরসাইকেল চালক নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এছাড়া আলাদা আরেকটি দুর্ঘটনায় এক বাস যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে ষোলঘর ভূইচিত্র এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

ফায়ার সার্ভিস জানায়, অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের চালক মো. আসলাম হোসেন (৪০)। তিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা।

এর কিছুক্ষণ পর একই দুর্ঘটনাস্থলের পরিস্থিতি দেখতে গিয়ে গতি কমিয়ে দেয় যাত্রীবাহী লিটন ট্রাভেলস। এ সময় পেছন থেকে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের এক যাত্রী গুরুতর আহত হন। আহত মো.নজরুল ইসলামকে (৪৭) উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, একই স্থানে পরপর দুটি দুর্ঘটনায় একজনের মৃত্যু ও একজন আহত হওয়ার ঘটনায় এক্সপ্রেসওয়েতে যান চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর