ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া ব্রিজের ঢালে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে সৌদি প্রবাসী হৃদয় (২৭) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক মোটরসাইকেল আরোহী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনায় ঘটে।
পরে খবর পেয়ে,সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল গিয়ে নিহত মোটরসাইকেল চালক হৃদয়ের মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী সাজ্জাদ (২৪)। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহত হৃদয় রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর এলাকার বাসিন্দা। তিনি চার মাসের ছুটিতে দেশে এসে কয়েক দিনের মধ্যেই সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। ফায়ার সার্ভিস জানায়,নিহত ব্যক্তি গতকাল রাতে মাওয়ায় ঘুরতে এসেছিল পরে সকালে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন,মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের, উপ সহকারী পরিচালক, মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে সেখানে আইনগত প্রক্রিয়া শেষে, পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, মোটরসাইকেলটির মাত্রা অতিরিক্ত গতি থাকার কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফলে মহাসড়কটিতে সতর্ক থেকে যেকোনো যানবাহন চালানোর জন্য চালকদের পরামর্শ দিয়েছেন তিনি।
প্রতিনিধি/ এজে




