প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে বিষপান করা ঝুমুর খানম সেতু (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এক সন্তানের মা।
ঝুমুর বরিশালের গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের স্ত্রী। প্রায় সাড়ে পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে স্বামী শাহারিয়ার সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে বিষপান করেন ঝুমুর। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসকেরা ঝুমুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
ঝুমুরের বাবা আব্দুল করিম খান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, বরযাত্রী কম হওয়া এবং ঝুমুর দেখতে সুন্দরী নন—এমন নানা বিষয় নিয়ে তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, শাহারিয়া কাজের জন্য কুয়েত যাওয়ার পর তার মা রুনু বেগম, বোন নাজমিন বেগম, শারমিন, রিয়া এবং নাজমিনের স্বামী সাইদুল হাওলাদারের প্ররোচনায় ঝুমুরের ওপর মানসিক নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায়ে ঝুমুরকে তার মেয়েসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
করিম খানের অভিযোগ, ঘটনার রাতে শাহারিয়া ভিডিও কলে ঝুমুরকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে বিষপান করে মরে যেতে বলেন। এর পরই পরিবারের সদস্যদের অগোচরে ঝুমুর বিষপান করেন বলে দাবি তার বাবার।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঝুমুরের বাবা।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে শাহারিয়া কাজী শাহাবুদ্দিনের পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কয়েক মাস আগে ঝুমুরের ২০ বছর বয়সী একমাত্র ভাই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ঝুমুরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/এসএস




