সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

নেশার টাকা জোগাড় করতে নিজ ভাগিনাকে বিক্রি করলেন মামা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

নেশার টাকা জোগাড় করতে নিজ ভাগিনাকে বিক্রি করলেন মামা
গ্রেফতার জিয়ারুল ইসলাম। ছবি: ঢাকা মেইল

দিনাজপুরের পার্বতীপুরে নেশার টাকা জোগাড় করতে সাড়ে চার মাস বয়সী আপন ভাগিনাকে বিক্রি করেছেন মামা জিয়ারুল ইসলাম (২১)। পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেফতার এবং বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধার করেছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল পাঁচটায় গ্রেফতার জিয়ারুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

এর আগে রোববার রাতে পার্বতীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার জিয়ারুল ইসলাম পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়ার মনোয়ার ইসলামের ছেলে।

বিক্রি হওয়া চার মাস বয়সী শিশুটির নাম মাহিম ইসলাম আনাস। সে দিনাজপুর সদর উপজেলার আনন্দসাগর নেমতারা গ্রামের আল-আমিন ইসলাম ও মনিরা বেগম দম্পতির ছেলে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়ায় নানার বাড়ি থেকে শিশুটিকে চুরি করে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেন মাদকাসক্ত মামা জিয়ারুল ইসলাম। পরে শিশুটির খোঁজ না পেয়ে বাবা ও মা থানায় অভিযোগ করেন। রোববার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যে জায়গায় শিশুটিকে বিক্রি করা হয়েছিল, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

ওসি জানান, চুরি হওয়া শিশুটির বাবা বাদী হয়ে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। বিকেলে গ্রেফতার জিয়ারুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর