রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

ভোলার দৌলতখান উপজেলার একটি পুকুর থেকে মো. ফয়েজ উদ্দিন (২৬) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরখলিফা মাদরাসা সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ফয়েজ উদ্দিন দক্ষিণ জয়নগর গ্রামের মৃত সফিজল হকের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা যায়, চরখলিফা মাদরাসা সংলগ্ন সাবেক ভোলা-২ আসনের এমপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. শহীদুল্লাহ তালুকদারের বাড়ির পুকুরে ফয়েজের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা দৌলতখান থানা পুলিশকে খবর দেন।

পরিবার ও স্থানীয়রা জানান, ফয়েজ মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে চলে যেতেন। এর আগেও কয়েকবার পানিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করেছিলেন।

মৃত ফয়েজ আহমেদের ভাই আব্দুল আজিজ নীরব জানান, প্রায় ৫-৬ দিন আগে ফয়েজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজেও পাননি। এর আগেও তিনি বাড়ি থেকে বের হয়ে ৬-৭ দিন পর ফিরে আসতেন। পরিবারের ধারণা, মানসিক প্রতিবন্ধী হওয়ায় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে ফয়েজের মৃত্যু হতে পারে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর