নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর একটি ফসলি জমি থেকে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বিলকৃষ্ণপুর বাজার এলাকার একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম রতন প্রামানিক (২৮) নাম। তিনি উপজেলার বিলপালশা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
নিহতের চাচাতো ভাই বেনাজুল প্রামানিক জানান, সোমবার সন্ধ্যায় বিলকৃষ্ণপুর বাজারে ঘুরতে এসে রাতে আর বাড়ি ফিরেন না রতন। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করলে রাতে তাকে পাওয়া যায় না। এরপর মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন বিলকৃষ্ণপুর বাজার এলাকায় ফসলি জমিতে রতনের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজনকে খবর দেয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের সময় রতনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এইচই




