চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইলসহ মো. আপন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। জব্দ মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য (সিজার মূল্য) ধরা হয়েছে ১১ লাখ ৪০ হাজার টাকা।
রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আটক যুবক শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের মো. বাদলের ছেলে।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সীমান্ত পিলার ১৮৫/২-এস এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের ভেতরের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালানো হয়। সোনাপুর থেকে কানসাট অভিমুখে যাওয়ার সময় আপনকে তল্লাশি করে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা আলামতসহ আসামিকে থানায় হস্তান্তরের বিষয়টি চলমান রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি




