জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের কাছ থেকে চুরি করা মোবাইলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ আগস্ট (বুধবার) বিকেলে হাসপাতালের মূল ফটকে আনসার সদস্য অনিক বসু রকি নামের এক যুবককে এক পথচারীর মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় ঝটিকা অভিযানে আটক করেন।
চুরির ঘটনা জানাজানি হলে উত্তেজিত জনতা ওই চোরকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পিসি আমিনুল হকের নেতৃত্বে আনসার সদস্য অনিক শেখ, হাসান, সুমন ও অনিক বসু উত্তেজিত জনতার হাত থেকে চোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,পরবর্তীতে চুরির শিকার হওয়া ব্যক্তি আইনি ঝামেলা এড়াতে মামলা করতে অস্বীকৃতি জানান।
ফলে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আটক যুবকের পরিবারের উপস্থিতিতে একটি মুচলেকা নেওয়া হয় এবং তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
একেএস/এআরএম




